বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের যোদ্ধারা ঘুমিয়ে যায়নি। ‘আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো’—এই কথা বলার দিন শেষ।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যুবকদের বেকার ভাতা দিয়ে নির্ভরশীল করা নয়, বরং বেকারত্ব দূর করে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করাই হবে তাঁদের লক্ষ্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমতায় যেই থাকুক, অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনপ্রিয়তার দোহাই বা দলীয় পরিচয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না।
নারীদের অধিকার ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, একটি দেশ নারী ও পুরুষ উভয়ের সম্মিলিত অংশগ্রহণে গড়ে ওঠে। ইসলামে নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মজীবী নারীদের জন্য পিক আওয়ারে আলাদা বাস ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।
ইতিহাসের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, ৪৭, ৭১ ও ২৪–এর যোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়েই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। একই সঙ্গে তিনি নির্বাচনী প্রচারণায় গায়ের জোর ও সহিংসতা পরিহার করে সৌজন্য ও শালীনতা বজায় রাখার আহ্বান জানান।
নির্বাচনী ইশতেহার নিয়ে তিনি বলেন, সেখানে যা যা প্রতিশ্রুতি থাকবে, তার সবকিছু জানার সুযোগ পাবে জনগণ। জনগণের সম্পদ ও রাষ্ট্রীয় কোষাগারের প্রতিটি টাকার হিসাব জনগণের কাছে দিতে হবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।