নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
বরিশালের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ সাব্বির মো. খালিদ গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) এ নোটিশ জারি করেন।
নোটিশ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট এনামুল হক কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার, দশমিনা বরাবর দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে এ নোটিশ প্রদান করা হয়েছে।
গত ২৭ জানুয়ারি অ্যাডভোকেট এনামুল হক অভিযোগ আনেন যে, নুরুল হক নুর নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছেন, যা আচরণবিধিমালার স্পষ্ট লঙ্ঘন।
এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক আটটার দিকে দশমিনা উপজেলার পাগলা বাজার সেন্টার এলাকায় স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনী অফিসে নুরের অনুসারীরা ভাঙচুর চালায় এবং এতে কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। যা আচরণবিধিমালার ৬ (ক) ধারার পরিপন্থী।
নোটিশে বলা হয়েছে, কেন নুরুল হক নুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না—তা ব্যাখ্যা করতে তাকে আগামী ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দশমিনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।