দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: আমির জামায়াত

আগামীর সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার মন্তব্য করে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি জামায়াতের বিজয় চাইনা, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। তিনি চব্বিশের শহীদদের উদ্দেশে বলেন, কথা দিচ্ছি- আমরা তোমাদের হত‍্যাকারীদের বিচার করে স্বপ্নের বাংলাদেশ গড়বো।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গ্রিন রোড কলোনি মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর বলেন, জামায়াত একটি মজলুম দল। আমাদের ১১ জন নেতাকে হত‍্যা করা হয়েছে। তারা সততা ও স্মার্টনেস নিয়ে দায়িত্ব পালন করেছেন। ১৩ বছর আমাদের কার্যালয় বন্ধ ছিরো। আমাদের হত‍্য, গুম করা হয়েছে। সারা বাংলাদেশ একটি জল্লাদখানায় পরিনত হয়েছিলো। কিন্তু আমরা কথা দিয়েছিলাম, প্রতিশোধ নেবোনা। আমরা কথা রেখেছি। আমরা ১৭ মাসে কোনো চাঁদাবাজি করিনি। 

তিনি বলেন, আমাদের লাখ লাখ কর্মী স্বেচ্ছাসেবী দেশের পরিস্থিতি সামাল দিতে কাজ করেছে। এমনকি যেই পুলিশ বাহিনী নিয়ে এতো অভিযোগ ছিলো, তাদেরও সহায়তা করেছি। পুলিশকে আমাদের লাগবেই। পুলিশ ছাড়া কোনো দেশ চলতে পারে না। তাই এসব করেছি।

তিনি জানান, আমরা প্রতিটি জুলাই শহীদের বাড়িতে গিয়েছি, তাদের দায়িত্ব নিয়েছি। আমরা এসবই করেছি গোপনে। কারণ তাদের আত্মসম্মান আছে। 

আমির জামায়াত বলেন, অনেকে বলেন আমরা নাকি গুপ্ত না সুপ্ত। অথচ তারা দেশে ছেড়ে বিদেশে পলাতক ছিলেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি দেশ চালানোর সুযোগ পায় তাহলে কেমন হবে আমি বলবো- চার মাসে ডাকসু যেমন দেখছেন, তেমন হবে।

তিনি বলেন, যারা মায়েদের কাপড় খুলে নেওয়ার কথা বলেন, তারা কুলাঙগার। আগে নিজের মা-বোন ও স্ত্রীকে সন্মান করতে শেখো। তাহলে ৯ কোটি নারীকে সম্মান দেখাতে পারবে। যে বাংলাদেশে মায়ের ইজ্জত থাকবেনা সে বাংলাদেশ আমরা চাই না। 

যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে তাদের ভয় নেই উল্লেখ করে আমির জামায়াত বলেন, আমরা তাদের কাজ দিতে চাই। আমাদের যুবকরা দ্রুতগতিতে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্বাস আমাদের আছে।