জামায়াতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা: ডা. শফিকুর

সারাদেশে জামায়াতের গণজোয়ার দেখে একটি বিশেষ রাজনৈতিক দল দিশেহারা হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলছে, ওই দল ক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব থাকবে না। এদিকে, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা পোস্ট দিয়েছেন তাদের পরিচয় উন্মোচন করা হবে বলেও জানান তিনি। 

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-১৫ আসন মিরপুরে বাইশটেকিতে এক নির্বাচনি গণসংযোগ করেন। পরে কাফরুল থানার ইব্রাহিমপুরের পুলপাড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করতে এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ইনসাফ কায়েম করতে হবে। তিনি আরও বলেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে আমরা পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার প্রশ্নই ওঠে না।

সম্প্রতি তার ব্যক্তিগত এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়া প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গত রাতে আমার অ্যাকাউন্ট হ্যাক করে একটি নোংরা পোস্ট দেওয়া হয়েছে। আমরা হ্যাকারদের চিহ্নিত করেছি এবং খুব দ্রুতই সব তথ্য জাতির সামনে তুলে ধরা হবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা দেখে একটি পক্ষ ভীত হয়ে হামলা ও বিশৃঙ্খলা করছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোট ডাকাতি ও জালিয়াতি রুখে দিতে হবে এবং ফলাফল হাতে না আসা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিয়ে ঘরে ফিরতে হবে।

উক্ত পথসভায় সভাপতিত্ব করেন জামায়াত আমিরের নির্বাচনী আসনের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। সভায় ডাকসুর সাবেক জিএস এসএম ফরহাদসহ দলের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।