মেনন-কামরুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা দুটির শুনানি হওয়ার কথা রয়েছে।

একই সঙ্গে, ২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ মোট ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এই মামলাটিরও আজ শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ আজ টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় দ্বিতীয় সাক্ষীকে জেরা করবে আসামিপক্ষ।

এছাড়া রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক যুবকসহ তিনজনকে গুলি করে হত্যার মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আজ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ হবে। এই মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।