জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম

ঢাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের জনগণের সামনে তাঁর দলের নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা তুলে ধরার লক্ষ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। 

বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দিয়েছে দলটি।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সই করা ওই আবেদনে বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের সামনে একটি সুস্পষ্ট ও ভবিষ্যৎমুখী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা অত্যন্ত জরুরি। রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বিটিভির মাধ্যমে দেশব্যাপী বার্তা পৌঁছানো সবচেয়ে কার্যকর মাধ্যম। 

তিনি আরও বলেন এই ভাষণের মাধ্যমে নাহিদ ইসলাম তাঁর দলের ‘নতুন রাজনৈতিক স্বপ্ন’ এবং জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করতে চান।

এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানান, বুধবার তারা আবেদনটি জমা দিয়েছেন। তিনি বলেন, কমিশন এখনো নির্দিষ্ট কোনো সময় বা স্লট বরাদ্দ দেয়নি। তবে আমরা আশা করছি, নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুতই স্লট বরাদ্দ দেবে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শীর্ষ রাজনৈতিক দলগুলোর ভাষণের তারিখও নির্ধারিত হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি আলাদাভাবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো এখন তাদের প্রচারণা ও জনসংযোগ বৃদ্ধিতে রাষ্ট্রীয় গণমাধ্যমকে ব্যবহারের ওপর জোর দিচ্ছে। এনসিপি মনে করছে, এই ভাষণের মাধ্যমে তাদের নির্বাচনী ইশতেহার তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়া সহজ হবে।