আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমাপনী নির্বাচনী জনসভা আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ তথ্য জানান।
রুহুল কবির রিজভী বলেন, এই গুরুত্বপূর্ণ জনসভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী বলেন, জনগণ এবারের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে বাধা ছাড়াই ভোট দিতে পারবেন—এটিই বিএনপির বড় প্রত্যাশা। বলেন, সাধারণ মানুষের কাছে বিএনপির এই বিপুল জনপ্রিয়তার মূলে রয়েছে দলটির নেতাকর্মীদের দীর্ঘ ত্যাগ আর নির্যাতন সহ্য করার ক্ষমতা। শত অত্যাচার সত্ত্বেও নেতাকর্মীরা দমে যাননি, কারণ তাদের নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া।
বেগম জিয়ার অবদান স্মরণ করে রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি। বেগম জিয়াকে অমানবিক অত্যাচার করার পরও তিনি নেতৃত্ব দেওয়া বন্ধ করেননি। তিনি নিজের জীবন উৎসর্গ করে বিনিময়ে জনগণকে গণতন্ত্র ও সার্বভৌমত্বের পতাকা দিয়েছেন।
তার মতে, দেশের জনগণ এখন ‘ধানের শীষ’কে শুধু একটি দলীয় প্রতীক নয়, বরং একটি আবেগ হিসেবে মনে করে।
এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, তারা এখন যা কিছু করছে, সবই ‘শাক দিয়ে মাছ ঢাকা’র শামিল।
তিনি বিশ্বাস করেন, এবারের নির্বাচনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরায় সুপ্রতিষ্ঠিত হবে।