মাঠে নামলো ইইউ’র স্বল্পমেয়াদি পর্যবেক্ষক দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশে নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। তবে নির্বাচনের চূড়ান্ত মূল্যায়নের জন্য মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অবাধ ও বিশ্বাসযোগ্য ভোটগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইইউর স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর আগে সাংবাদিকদের এসব কথা বলেন মিশন প্রধান ইভারস আইজাবস। জানান, আজ থেকে মোট ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মাঠে নামছেন। তারা দেশের বিভিন্ন জেলায় নিজস্ব পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

মিশন প্রধান ইভারস আইজাবস বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি। এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি নতুন গণতান্ত্রিক ও ঐতিহাসিক অধ্যায় শুরুর দুয়ার খুলে দিয়েছে।

তিনি জানান, স্বল্পমেয়াদি এই দলের পাশাপাশি দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরাও মাঠে কাজ করছেন। সব মিলিয়ে প্রায় ২০০ জনের একটি শক্তিশালী দল ভোটের দিন পর্যন্ত সক্রিয় থাকবে।

ইইউর পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যবেক্ষক দলটি কোনোভাবেই নির্বাচনী ফলাফলের প্রত্যয়ন করবে না; বরং তারা নির্বাচনের স্বচ্ছতা, অন্তর্ভুক্তিতা এবং আইনগত কাঠামোর প্রয়োগ পর্যবেক্ষণ করবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের প্রাথমিক পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করবে ইউরোপীয় ইউনিয়নের এই মিশন।