এক বছর পর বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা

প্রায় এক বছর পর আগামী ৯ সেপ্টেম্বর বসতে যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। সব সদস্যই যোগ দেবেন এই বৈঠকে। 

নেতারা বলছেন, আগামী বছর কেন্দ্রীয় সম্মেলন ও পরবর্তী সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সভাটি হবে গুরুত্বপূর্ণ। সভায় প্রাধান্য পাবে সাংগঠনিক নানা বিষয়। 

সাংগঠনিক রীতি অনুযায়ী প্রতি দুই মাসে একবার করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক বসার কথা। কিন্তু করোনা মহামারিতে নিয়মিত বৈঠকে বাধা পড়েছিলো। 

সর্বশেষ সীমিত সংখ্যক সদস্য নিয়ে গত বছরের তিন অক্টোবর বসেছিলো কার্যনির্বাহী সংসদের বৈঠক। ফলে সাংগঠনিক অনেক বিষয় সভাপতিকে জানাতে পারেননি দায়িত্বপ্রাপ্ত নেতারা।

আরও পড়ুন: জাতীয় সরকার গঠনের আহ্বান জানালেন জাফরুল্লাহ চৌধুরী

আগামী ৯ সেপ্টেম্বর গণভবনে বসছে কার্যনির্বাহী সংসদের বৈঠক। যেখানে দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে তুলে ধরা হবে এক বছরের সাংগঠনিক রিপোর্ট। 

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা জানান, তৃণমূলে দলকে শক্তিশালী করতে ঠিক করা হবে সাংগঠনিক সফরসূচি। আলোচনা হবে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও।

আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ। তার আগে কেন্দ্রীয় সম্মেলন হবে কি না সেটি ঠিক করবেন, দলীয় প্রধান শেখ হাসিনা। সেই সঙ্গে চলতি বছরের মধ্যে তৃণমূলের সম্মেলনগুলো শেষ করার নির্দেশনা চাইবেন হবে নেতারা। 

বৈঠকে সহযোগী সংগঠনগুলোর বিষয়েও আলোচনা হবে বলে জানালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।


একাত্তর/এসজে