আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল পাঁচটায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই আনুষ্ঠানিক দাওয়াতপত্র হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এছাড়া আমিরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর পরিবারের জন্য পৃথক আনুষ্ঠানিক দাওয়াতপত্রও পৌঁছে দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান এবং জামায়াতে ইসলামী এই সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে।