বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের উদ্বেগের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। বুয়েটের অরাজনৈতিক পরিবেশের সিদ্ধান্তকে তিনি সর্বোচ্চ সম্মান করেন বলে জানিয়েছেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) কয়েকজন শিক্ষার্থীর আমন্ত্রণে তিনি বুয়েট কেন্দ্রীয় মসজিদে তারাবির নামাজ আদায় করতে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে কোনো ধরনের বক্তব্য না দেওয়ার অনুরোধ করা হলে তিনি তা তাৎক্ষণিক মেনে নেন।
তিনি উল্লেখ করেন, নামাজ শেষে কোনো মিডিয়া ব্রিফিং না করার অনুরোধও তিনি সম্মানের সাথে গ্রহণ করেন এবং সেখানে শুধু শহীদ আবরার ফাহাদ ও শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
বিবৃতিতে তিনি আরও জানান, বুয়েট প্রাঙ্গণ ত্যাগ করে পরবর্তীতে পলাশীতে এসে তিনি প্রেস ব্রিফিং করেন। এ সময় কয়েকজন ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিলে তিনি নিজেই তাদের থামিয়ে দেন বলে দাবি করেন।
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের ডাক প্রসঙ্গে তিনি বলেন, অরাজনৈতিক বুয়েটের সিদ্ধান্তকে তিনি সবসময়ই সম্মান করেন এবং তার কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণের চেষ্টা করেছেন। যদি তার সেখানে যাওয়া বা দোয়া করা অপরাধ হিসেবে গণ্য হয়, তবে তিনি শিক্ষার্থীদের যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত আছেন বলে জানান।