নির্বাচন পরবর্তী নারী সহিংসতা বন্ধের আহ্বান নাহিদ ইসলামের, ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ

নির্বাচন-পরবর্তী সময়ে নারীদের প্রতি রাজনৈতিক সহিংসতা বেড়েছে উল্লেখ করে তা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। দেশের সকল ক্ষেত্রে নারীদের বড় অবদান থাকলেও সমাজ ও রাজনীতিতে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না।

তিনি নারীদের অধিকার সুরক্ষায় এবং রাজনৈতিক ক্ষমতায়নে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মনিরা শারমিনকে আহ্বায়ক, ডা. মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব এবং নুসরাত তাবাসসুমকে মুখ্য সমন্বয়ক করে তিন সদস্যের ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, এই সংগঠনটি নারীর অধিকার রক্ষায় কাজ করবে। এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হলেও ‘জাতীয় নারীশক্তি’ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। বিশেষ করে জুলাই আন্দোলনসহ সকল গণতান্ত্রিক সংগ্রামে অবদান রাখা নারীদের রাজনীতিতে সক্রিয় করতে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লবে নারীদের অংশগ্রহণ ছিল অবিস্মরণীয়। সেই চেতনার প্রতিফলন ঘটিয়ে নতুন বাংলাদেশে নারীদের নেতৃত্ব ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।