রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পেছালো।
বুধবার (১৫ এপ্রিল) এই শুনানি হওয়ার কথা থাকলেও পরবর্তী শুনানির তারিখ ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় এখন পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। মামলার বাকি ২৪ জন আসামি এখনো পলাতক রয়েছেন।
এর আগে, চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।