জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। ওই দিন বিকেল চারটা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন বিকেল চারটা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পরে আবেদন জমা দেওয়ার কারণ দেখিয়ে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করে।
কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এনসিপি নেত্রী। সেই রিটের শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দিলো।
তফসিল অনুযায়ী গত ২২ এপ্রিল বিকেল চারটা পর্যন্ত ছিলো সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়। ১৯ মিনিট বিলম্বের কারণে প্রাথমিক বাছাইয়ে তার প্রার্থিতা আটকে গিয়েছিলো। আদালতের এই আদেশের ফলে নুসরাত তাবাসসুমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ এখন প্রশস্ত হলো।