বিএনপি সরকার কোনো নির্দিষ্ট দেশের ওপর এককভাবে নির্ভরশীল হবে না। বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই বিএনপির পররাষ্ট্রনীতি পরিচালিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
শনিবার (৯ মে) বিকেলে গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ ফার্স্ট: এ ফরেন পলিসি আউটলুক ফর এ নিউ বাংলাদেশ’ শীর্ষক এক নীতি আলোচনায় তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, অতীতের বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক সময় কৌশলগত না হয়ে কেবল ‘প্রতিক্রিয়াশীল’ ছিলো। বিশেষ করে গত প্রায় দুই দশকে দেশ একটি নির্দিষ্ট রাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিলো। এর ফলে কূটনৈতিক ভারসাম্য নষ্ট হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।
বিএনপি সরকারের ভবিষ্যৎ কূটনীতির রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, নতুন পররাষ্ট্রনীতির তিনটি মূল ভিত্তি থাকবে। সেগুলো হলো- কোনো নির্দিষ্ট দেশকেন্দ্রিক নীতি গ্রহণ না করা, বহুমুখী কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় নমনীয়তা নিশ্চিত করা।
হুমায়ুন কবির আরও বলেন, পররাষ্ট্রনীতি কখনও স্বল্পমেয়াদি বা সংকীর্ণ রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হতে পারে না। এটি হতে হবে পুরোপুরি জাতীয় স্বার্থনির্ভর, প্রাতিষ্ঠানিক ও পেশাদার। দেশের দীর্ঘমেয়াদি উন্নতির লক্ষ্যে একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন তিনি।