ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শেষ, হানিফসহ চারজনের রায় যেকোনো দিন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচারকাজ শেষ হয়েছে। এই মামলার রায় যেকোনো দিন ঘোষণা হতে পারে। 

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই আদেশ দেন।

মামলায় মাহবুব-উল আলম হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

আসামিরা সবাই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলেছে। নিয়ম অনুযায়ী, ট্রাইব্যুনাল আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়ে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করেন।

আদালত ও প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এর আগে গত সাত জুন মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) দাবি করে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছিল প্রসিকিউশন পক্ষ। এই মামলায় গত ১১ মে থেকে যুক্তিতর্ক শুরু হয়েছিলো।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তার (আইও) জেরার মধ্য দিয়ে এই মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এর আগে গত বছরের দুই নভেম্বর এই চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছিলো। দীর্ঘ শুনানির পর মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছালো।