জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ট্রাইব্যুনালে এসব ফোনালাপ জমা পড়ে।
জমা হওয়া অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলনকারীদের দমনে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দিতে শোনা যায়।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে এক ফোনালাপে শেখ হাসিনা বলেন, আন্দোলনকারীদের ওপর পাল্টা হামলা চালিয়ে ‘যেকোনো মূল্যে’ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জবাবে হাছান মাহমুদও ‘ইটের জবাবে পাটকেল’ বা ‘টিট ফর ট্যাট’ নীতি অবলম্বন করে সেটিতে সমর্থন জানান।
অন্যদিকে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে অন্য এক ফোনালাপে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান খুঁজে বের করে আগুন দেওয়ার নির্দেশ দিতে শোনা যায়। একই সঙ্গে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ও র্যাব ব্যবহারের বিষয়েও তাদের মধ্যে কথা হয়।
এছাড়া সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে তা সংবাদমাধ্যমে জোর প্রচার চালানোর নির্দেশ দিতেও শোনা যায় শেখ হাসিনাকে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, জমা পড়া এসব অডিও রেকর্ড জুলাই অভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ হিসেবে যুক্ত করা হবে।
