জিয়া হত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোজাফফর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে মোজাফফর হোসেনের বিরুদ্ধে। ওই অভিযোগে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিলো। সেই ওয়ারেন্টের ধারাবাহিকতায় তাকে আজ আদালতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে আজ তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবে প্রসিকিউশন পক্ষ।

এর আগে গত ২১ জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করেছিল প্রসিকিউশন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেন প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিলো।

অন্য দিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ২১ জুলাই দিন ধার্য ছিলো। ওই দিন প্রতিবেদন জমা দিতে আরও দুই মাস সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন।

তবে সাবেক মেজর মোজাফফরের সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর যোগসাজশের অভিযোগ ওঠায় আদালত নতুন কোনো তারিখ নির্ধারণ করেননি। এর ধারাবাহিকতায় আজ মাসুদ উদ্দিন চৌধুরীকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।