শেখ হাসিনাসহ ৪৫ জনের মামলার বিচারে ট্রাইব্যুনালে ২৫ আসামি

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৪ দলীয় জোটের বিভিন্ন নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে দায়ের করা আলাদা দুটি মামলার বিচারিক কার্যক্রমের নির্ধারিত দিন আজ শনিবার।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সকালে ট্রাইব্যুনালের নির্ধারিত মামলাগুলোতে গ্রেপ্তার থাকা মোট ২৫ জন আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, প্রধান মামলার বিচারিক কার্যক্রমের পাশাপাশি একই ট্রাইব্যুনালে শতাধিক মানুষকে গুম ও হত্যার চাঞ্চল্যকর মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ পরিচালনা করার কথা রয়েছে।

এদিকে জুলাই আন্দোলন চলাকালে সাভারে আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) থেকে নিচে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় নতুন অগ্রগতি হয়েছে। এ ঘটনায় সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনকে আসামি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।

অন্যদিকে, কক্সবাজারে বহু আলোচিত টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন দল।