শেখ হাসিনা বহু বছর ধরে দলীয়করণ করেছেন, আর বর্তমান সরকার মাত্র পাঁচ মাসেই সব জায়গায় দলীয়করণ করে ফেলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) পুরোপুরি দলীয়করণ করা হয়েছে, তাই এই কমিশনের অধীনে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন দেয়া সম্ভব নয়।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতালে 'সাদা এপ্রোনের সাহস ও জুলাইয়ে অদৃশ্য বীরেরা' স্মরণসভায় যোগ দিয়ে সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ।
নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল দলীয়করণমুক্ত বাংলাদেশ, কিন্তু বর্তমান সরকার সেই পথ থেকে সরে আসছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে মেডিকেল সেক্টর এবং প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে যেভাবে নিজেদের লোক বসানো হচ্ছে, তাতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যাহত হচ্ছে।
অবিলম্বে এই দলীয়করণ বন্ধ না করলে সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।