কেমব্রিজে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা চালিয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক। তবে, এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতি ও ত্বরিত প্রতিরোধের মুখে তাঁদের সেই অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম বর্তমানে এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে যান তিনি।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, অনুষ্ঠান শেষে নাহিদ ইসলাম বের হয়ে গাড়িতে ওঠার সময় আগে থেকেই বাইরে ওৎ পেতে থাকা আওয়ামী লীগের একদল সমর্থকের মুখোমুখি হন। সে সময় ঘটনাস্থলে ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব এম এ হিমেল। শনিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, যুক্তরাজ্যপ্রবাসী এনসিপির কর্মী-সমর্থকেরা নাহিদ ইসলামকে নিরাপদে গাড়িতে তুলে দিচ্ছেন, আর গাড়ির ঠিক সামনের দিকে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে এনসিপি কর্মীদের আরেকটি অংশের তীব্র বাদানুবাদ চলছে। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই নাহিদ ইসলামকে বহনকারী গাড়িটি নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করে।

ভিডিওটির ক্যাপশনে এম এ হিমেল লিখেছেন, ‘দিস ইজ হাউ উই এক্সিট নাহিদ ইসলাম ফ্রম দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি সেমিনার (এভাবে আমরা নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার থেকে বের করলাম)। আওয়ামী লীগ আমাদের কচুটাও ছিঁড়তে পারেনি!’ এ ছাড়া তাঁর পোস্ট করা অপর একটি ভিডিওতে এনসিপি সমর্থকদের আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়, যার ক্যাপশনে তিনি লেখেন, ‘কেমব্রিজে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে এনসিপির দাঁতভাঙা জবাব’।

ঘটনার বিষয়ে নাহিদের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক জানান, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমর্থকেরা বরাবরই এনসিপি নেতাদের হেনস্তার চেষ্টা করে আসছে। শনিবার রাতেও তারা সেই চেষ্টা করে সফল হতে পারেনি। নাহিদ ইসলাম অত্যন্ত সফলভাবে তাঁর নির্ধারিত অনুষ্ঠান শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন; বাইরে আওয়ামী লীগের লোকজন শুধু চিৎকার-চেঁচামেচি করেছে মাত্র।

এদিকে, যুক্তরাজ্যে এনসিপি নেতাদের ওপর বারবার এমন হেনস্তার চেষ্টায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের শীর্ষ নেতারা। তাঁদের দাবি, নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা এবং এর আগে যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহকে হেনস্তার চেষ্টার নেপথ্যে মূল সংগঠক হিসেবে কাজ করছেন একজন চিহ্নিত ব্যক্তি।

এ বিষয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানস্থলের বাইরে আওয়ামী লীগের সমর্থকেরা জড়ো হয়ে নানা স্লোগান দিয়েছে। কিন্তু এনসিপির বিপুল সংখ্যক নেতা-কর্মী সেখানে থাকায় তারা কোনো সুবিধা করতে পারেনি। নাহিদ ইসলাম গণ-অভ্যুত্থানের প্রধান মুখ হওয়ায় তাঁর প্রতি তাদের আক্রোশ থাকা স্বাভাবিক। তবে এখন আর তারা প্রবাসীদের সেভাবে সাড়া পাচ্ছে না; ১০-১৫ জন উগ্র ব্যক্তি ছাড়া কেউই আসছে না। এটিই তাদের চরম শক্তিক্ষয় ও মনোবল ভেঙে পড়ার স্পষ্ট প্রমাণ।

যুক্তরাজ্যে অবস্থানরত ওই চিহ্নিত আওয়ামী লীগ সমর্থককে এসব ঘটনার মূল হোতা উল্লেখ করে সারোয়ার তুষার আরও বলেন, বাংলাদেশ সরকার চাইলে ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পারে কিংবা যুক্তরাজ্য সরকারের কাছে তাঁকে দেশে ফেরত পাঠানোর (ডিপোর্ট) আবেদন জানাতে পারে।

একাত্তর/এআরএস
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগের ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী...
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লেগেছে নাকি কেউ লাগিয়ে দিয়েছে, সে বিষয়ে তদন্ত করতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক উপদেষ্টা পরিষদ গঠন ও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হতে পারে। বিভিন্ন পেশা ও স্তরের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত এই উপদেষ্টা পরিষদে বিভিন্ন...
আওয়ামী লীগের বিগত আমলের অপরাধের বিচার নিশ্চিত না করে দলটিকে রাজনীতিতে পুনর্বাসিত করার যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য...
২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় তিন দিন বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বর্ধিত সময় অনুযায়ী, আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ...
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য। মামলার...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর নির্মাণ করা হয়েছে প্রায় ৬০০ মিটার দীর্ঘ বাঁশ-কাঠের দুটি অস্থায়ী সেতু। তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত পাশাপাশি নির্মিত সেতু দুটির একটি দিয়ে মানুষ নদীর এক...
রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে নতুন প্রজন্মকে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর