আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা নিরসনে সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইউনেস্কোসহ কয়েকটি সংস্থার যৌথ আয়োজনে ‘আন্তর্জাতিক যুব দিবস: ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের কোনো গুজব এখনো সরকারের নজরে আসেনি। তবে বিষয়টি নজরে এলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আলোচনা বেশ ভালো হচ্ছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ইতিমধ্যেই জানিয়েছেন—বাংলাদেশ ও ভারতের মধ্যে সমাধান করা সম্ভব নয় এমন কোনো বিষয় নেই। তাই সরকার আশা করছে, দুই দেশের আলোচনায় ইতিবাচক ফল আসবে।
দেশের নতুন রাষ্ট্রপতির বিষয়ে এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হবেন জনগণের কাঙ্ক্ষিত একজন ব্যক্তিত্ব, যার ওপর দেশের সাধারণ মানুষ পূর্ণ আস্থা রাখতে পারবে।
এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তরুণ ও যুবসমাজের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বর্তমানে মন্ত্রিপরিষদের প্রতিটি বৈঠকেই তরুণদের কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি, খেলাধুলার উন্নয়ন, সৃজনশীলতা এবং জলবায়ু সঙ্কটের মুখোমুখি হওয়ার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা ও নীতি-নির্ধারণ করা হয়।
তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে বিশ্বের যুব প্রজন্মের ওপর আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান, যাতে তরুণদের শক্তি বিশ্ব সভ্যতার অগ্রগতি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, দেশের তরুণদের স্বাবলম্বী করে তুলতে সরকার সহজ শর্তে ঋণ হিসেবে কম্পিউটার, ল্যাপটপ এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার নানামুখী উদ্যোগ গ্রহণ করছে।