সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৩ আগস্ট) গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, বিদ্যুৎ-জ্বালানি সঙ্কটের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন নিয়ে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসেন জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে এ অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জ্বালানি সঙ্কট নিরসনে ব্যর্থ হলেও সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।
সরকারের বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না।
১১ দলের ডাকা লংমার্চে জুলাইয়ের মতো সবাই অংশ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিরোধী দলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত জোটের এ বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।