গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গঠনের ছয় মাস পার হলেও গণভোটের রায় বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে জনগণের মতামতও উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জনগণের স্বার্থ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিকে লংমার্চের প্রধান রাজনৈতিক বার্তা হিসেবে সামনে রাখতে চায় ১১ দলীয় জোট।
এদিকে শুধু গণভোটের রায় বাস্তবায়ন নয়, জুলাই হত্যাকাণ্ডের বিচার, চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সরকারি সব পর্যায়ে দলীয়করণ বন্ধ এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ—এই পাঁচটি দাবিও রয়েছে লংমার্চের কর্মসূচিতে।
১১ দলীয় ঐক্য সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়ন, রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার এবং বৈষম্যবিরোধী রাজনৈতিক দাবিগুলো সামনে রেখে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করেছে ১১ দলীয় ঐক্য।
আগামী ৫ সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রংপুর, ঢাকা-খুলনা ও ঢাকা-সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনায় লংমার্চ সড়কপথে এবং সিলেটের লংমার্চ রেলপথে অনুষ্ঠিত হবে।
লংমার্চ কর্মসূচি শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে।