ছয় মাসে দেশব্যাপী তিন কোটি বৃক্ষরোপণ করা হয়েছে: রিজভী

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও ইতিমধ্যেই তিন কোটি বৃক্ষরোপণ সম্পন্ন করা হয়েছে। জলবায়ু সঙ্কট মোকাবেলায় বিএনপি যে একটি দক্ষ রাজনৈতিক দল, বৃক্ষরোপণের এই সফলতা থেকেই তা প্রমাণিত হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বসুন্ধরা ৩০০ ফিট সড়কে দলটির বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা জানান।

পরিবেশ সুরক্ষায় জলাশয় সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে রুহুল কবির রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বসতবাড়ির আশপাশের মজা বা পরিত্যক্ত পুকুরগুলো পুনঃখনন করা অত্যন্ত জরুরি। এটি ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা ও জলাধার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, চলমান জ্বালানি সঙ্কট নিরসনে বাজেটে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বিশ্বের অন্য দেশের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে খুব দ্রুতই এ সঙ্কট থেকে উত্তরণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত থেকে ৩০০ ফিট সড়ক এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন।