প্রতিশ্রুতি রক্ষা না করে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির

দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে 'সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশের অংশীদারত্ব' শীর্ষক সেমিনারে তিনি এ অভিযোগ করেন। সেমিনারে জামায়াতের শীর্ষ নেতাদের পাশাপাশি অংশ নেন এগারো দলের নেতারাও। 

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, জনগণের মুখ বন্ধ করতে কোনো আইন করা হলে তার তোয়াক্কা করবে না বিরোধী দল। 

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করছে না সরকার। 

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাদ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দিলে বরদাস্ত করা হবে না। 

এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গায়ের জোরে মানুষের অধিকার হরণ করলে পরিণাম ভালো হবে না।  
তিনি বলেন, সংখ্যা গরিষ্ঠতার জোরে দেশের মানুষের অধিকার হরণ করলে পরিণাম ভালো হবে না।

বিরোধী দলের কর্মসূচিতে বাঁধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।