হাসানুল হক ইনুর ১০ বছরের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সারাদেশে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও উসকানির দায়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ৫০০ পৃষ্ঠার এই রায়ের অনুলিপি প্রকাশ করেন।

এর আগে গত ৩০ জুন আদালত আলাদা তিনটি অভিযোগে ইনুকে ১০ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে সাজা ভোগ করতে হবে ১০ বছর। এ মামলায় তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিলো।

এদিকে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। ইতিমধ্যে আপিল দায়েরের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্যদিকে, ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলারও মুখোমুখি হচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তৎকালীন তথ্যমন্ত্রী হিসেবে শাপলা চত্বরের ঘটনার সময় কোর কমিটির বৈঠকে ইনু উপস্থিত ছিলেন—এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে ওই মামলাটি পরিচালিত হচ্ছে।