জামিন নাকচ, কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (৪ অক্টোবর) বিকেলে একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আখতারুজ্জামানের আইনজীবীরা জামিনের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সঙ্কট নিয়ে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। ওই সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে কথা-কাটাকাটি, বাকবিতণ্ডা ও তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে। পরবর্তীতে এই ঘটনায় বিমানবন্দরের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।