জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে মাঠপর্যায়ে কাজ করবে।

সোমবার, এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় আংশিক কমিটি ও উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

নবগঠিত তিন সদস্যের কেন্দ্রীয় কমিটিতে মো. সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘোষিত এই আংশিক কেন্দ্রীয় কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, সংগঠনের নবনির্বাচিত সভাপতি সালমান হোসেন এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে এনসিপির রাজনীতিতে যোগ দেন।

সংগঠনটির দিকনির্দেশনার জন্য গঠিত উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় একাধিক শীর্ষ সারির নেতা। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, সংসদ সদস্য মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম এবং দলটির নেতা আরমান হোসাইন।

এনসিপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐতিহাসিক জুলাই গণ–অভ্যুত্থানের মূল চেতনা ধারণ ও এর অর্জনকে রক্ষা করার পাশাপাশি জুলাইয়ের বীর শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার, সামাজিক মর্যাদা ও মৌলিক অধিকার সুনিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্য বাস্তবায়নেই উপদেষ্টা পরিষদ ও আংশিক কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।