জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য মঙ্গলবার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫তম ও শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার।

গত ৩০ সেপ্টেম্বর মামলায় রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যপ্রদানকালে তিনি তদন্তের সময় সংগৃহীত বিস্তারিত তথ্য-উপাত্ত ও আলামত আদালতের সামনে তুলে ধরবেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এই মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো আদালতে প্রমাণ করা সম্ভব হয়েছে। তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষ হওয়ার পর আসামিপক্ষ নিয়ম অনুযায়ী সাফাই সাক্ষ্য উপস্থাপনের সুযোগ পাবে। এরপর অনুষ্ঠিত হবে মামলার চূড়ান্ত যুক্তিতর্ক।

জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১১ সালে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ অন্যতম।