সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি না করায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে দলটি। তাদের মতে, এমন সিদ্ধান্তে ব্যবসায়ীদের কাছে ভুল বার্তা গেলে সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর বিরোধীদলীয় বাসভবনে আয়োজিত এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাটেক্সপ্রো’ মেলায় দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে বিরোধীদলীয় নেতাকে বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত রাজনৈতিক সংকীর্ণতার পরিচয়। এ ধরনের সিদ্ধান্ত ব্যবসায়ী সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক বার্তা দেয় বলে মন্তব্য করেন তিনি।
বিটিএমএ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে জামায়াতের এই শীর্ষ নেতা জানান, আলোচনায় দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বর্তমান সঙ্কট, বিশেষ করে গ্যাস ও বিদ্যুতের অপশন, মূল্যবৃদ্ধি এবং অতিরিক্ত করের জটিলতা স্থান পেয়েছে। শিল্প খাতের এসব সঙ্কট নিরসনে সরকারের সঙ্গে আলোচনা করে ইতিবাচক ভূমিকা রাখা এবং সহযোগিতার আশ্বাস দিয়েছে বিরোধী দল।