এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় পরিবর্তন!

জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পুনর্গঠিত এই কমিটিতে গুরুত্ব বাড়ছে চার তরুণ ও দক্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।

তবে দলের সর্বোচ্চ দুই পদ অর্থাৎ আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন অপরিবর্তিত ও বহাল থাকছেন।

এনসিপির দায়িত্বশীল ও নীতি-নির্ধারণী সূত্রে জানা গেছে, দুই-তিনদিনের মধ্যেই পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা দেয়া হবে। এই রদবদলের পেছনে নেতাদের বিগত দিনের রাজনৈতিক ভূমিকা, আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা এবং দক্ষতা ও পারফরম্যান্সকে মূল মাপকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পুনর্গঠিত কাঠামোর প্রধান আকর্ষণ হচ্ছে দলের নেতৃত্ব কাঠামোর সংস্কার। এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম- পলিটিক্যাল কাউন্সিল (রাজনৈতিক পর্ষদ)। এর সদস্য সংখ্যা ১৬। তারা সবাই এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতা।

জানা গেছে, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সংখ্যা ১৬-ই থাকছে। পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেনই থাকছেন। তবে, নতুনভাবে দায়িত্ব পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জানা গেছে, পরিবর্তিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আসছেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। বর্তমানে হাসনাত আবদুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।

এছাড়া দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হচ্ছে। মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও আসছেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে।

আরও জানা গেছে, সারজিস আলমের নেতৃত্বে ২৩ সদস্য বিশিষ্ট সাংগঠনিক উপকমিটি হচ্ছে। এই কমিটির উপ-প্রধান আদিব (দক্ষিনাঞ্চল) এবং জুনায়েদ (উত্তরাঞ্চল)। বাকি ১০ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বাকি ১০ জন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক।

এছাড়া, আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এনসিপির জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি (অঙ্গ সংগঠন)। জাতীয় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান এলায়েন্স নামে সহযোগী সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। পাশাপাশি পুনর্গঠন হচ্ছে এনসিপির নারী শক্তিও।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করে এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে দলটি অংশ নেয় এবং  জাতীয় সংসদে এনসিপির আট জন সংসদ সদস্য প্রতিনিধিত্ব করছেন।