পলাতক শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে কেউ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলে তারা জনগণের কাছে চরমভাবে প্রশ্নবিদ্ধ হবেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যৌথসভা শেষে আগামী সাত নভেম্বর ‘ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি জানান, দিবসটি উদযাপনে সারা দেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি বা শোভাযাত্রা এবং শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।
ঐতিহাসিক এই দিবসের গুরুত্ব তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটাতে ১৯৭৫ সালের সাত নভেম্বরের জাতীয়তাবাদী চেতনা গভীর প্রভাব ফেলেছিল এবং দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করেছিলো।
যৌথসভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।