সরকারকে বিতর্কিত করতেই পুলিশপ্রধান ক্রসফায়ার নিয়ে বক্তব্য দিয়েছেন কি না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত আইন থাকা সত্ত্বেও ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো বক্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ সময় রাজনৈতিক দলগুলোকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকার আহবান জানান তিনি, যা পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করতে পারে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নয়াপল্টনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও পুলিশের শীর্ষ কর্মকর্তার এ ধরনের বক্তব্য সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, পুলিশ প্রধান কীভাবে আবারও ক্রসফায়ারের কথা বলেন? এতে তো সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দেশে পর্যাপ্ত আইন আছে, তা ব্যবহার না করে এসব কথা কেন বলবেন আপনারা? আইন যথাযথভাবে প্রয়োগ হলে দেশে কোনো অপরাধ থাকবে না। দায়িত্বশীল হতে হবে, সস্তা ক্রেডিট নেওয়া যাবে না। অতিঞ্জিত না হয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন দলটির এই জ্যেষ্ঠ নেতা। সিপিপির কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা নানা উপায়ে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৮ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের যেকোনো সংকটময় মুহূর্তে যুবসমাজকে সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী যুবদল। এই যুবদল কোনো টেন্ডারবাজি করে না। এ সময় তিনি দেশের অর্থনীতি ও দারিদ্র্য বিমোচনে বিএনপির বহুমুখী ভূমিকার কথা তুলে ধরে বলেন, মানুষ যেন নির্ভয়ে কাজ করতে ও বাঁচতে পারে, সে লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে।
এর আগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। সেখানে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।