কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ দিতে বিগত আওয়ামী লীগ সরকার ইনডেমনিটি আইন পাশ করেছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তবে সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করায় বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ খাতে আর কোনো নয়ছয় বা অনিয়মের সুযোগ থাকবে না।
বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘ক্যাব যুব সমাজ’ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে এই গণসংলাপের আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কুইক রেন্টালের নামে লুটপাট করার জন্য আওয়ামী লীগ ইনডেমনিটি পাশ করেছিলো। গত আমলে এই সংক্রান্ত কোনো অন্যায়ের বিরুদ্ধে মামলা করারও সুযোগ রাখা হয়নি, এটি ইচ্ছেকৃতভাবেই করা হয়েছিলো। কিন্তু সত্যিকারের গণতন্ত্র চাইলে সব ক্ষেত্রে জবাবদিহিতা থাকা জরুরি। আমাদের সরকারের চাওয়া হচ্ছে দেশপ্রেম এবং কথা রক্ষা করা।
নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে রিজভী বলেন, দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের বিশাল সম্ভাবনা রয়েছে। এই খাত নিয়ে যারা কাজ করছেন তারা নিঃসন্দেহে দেশপ্রেমিক এবং দেশের কল্যাণে কাজ করছেন। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি ও বিদ্যুৎ সঙ্কট দেখা দিলেও বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং বাসা-বাড়িতে চুলা জ্বলা শুরু হয়েছে। চাহিদা মিটিয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে বিদ্যমান বিদ্যুৎ সঙ্কট অনেকটাই কেটে যাবে।
জাপান সফররত প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে যে চুক্তি ও সমঝোতাগুলো হয়েছে, তার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছে। জাপানের মতো উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ এই খাতে এগিয়ে যাবে।
আশাবাদ ব্যক্ত করে রুহুল কবির রিজভী আরও বলেন, অন্ধকারের পর আলো আসবেই। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।