জনরায় না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে শফিকুর

জনগণের রায় ও ভোটাধিকারের প্রতি শ্রদ্ধা না দেখালে সরকারকে তার জন্য চরম মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চের অংশ হিসেবে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায় ও ভোটের প্রতি সম্মান দেখালে সরকার নিজে সম্মানিত হবে। দেশের মানুষের এক দফা দাবি মেনে নেওয়াতেই সরকারের সম্মান রক্ষা পাবে। আর যদি সরকার জনগণের এই মতামতকে উপেক্ষা করে, তবে তাদেরকে তার জন্য চরম মূল্য দিতে হবে।

নিজের ও জোটের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা সাত দফা দাবি আদায়ের লক্ষ্য নিয়েই রাজপথে ও ঘর থেকে বের হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সাত দফা দাবি বাস্তবায়নে এটি ১১ দলের তৃতীয় লংমার্চ উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন, আমাদের দাবিগুলো অত্যন্ত সুস্পষ্ট ও যৌক্তিক। আমরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, সাধারণ জনগণের মৌলিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। সাম্প্রতিক গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই মূল দাবিটি বাস্তবায়িত হলে বাকি ছয়টি দাবিও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।