দেশের অগ্রগতির যাত্রাকে ব্যাহত করতে ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা যৌথভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। একই সঙ্গে শ্রমিকদের বিভিন্ন দাবির প্রতি সরকার আন্তরিক থাকলেও চলমান আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগের দুর্বৃত্তরা ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশরীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশরীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মো. রাশেদ খান। এই ঘটনাকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, দেশে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সোচ্চার অবস্থান চালিয়ে যেতে হবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের জনগণ ও পরিবারের সদস্যরা উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।