দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। কেন্দ্রের নির্দেশনা মেনে ত্যাগী, যোগ্য ও সক্রিয় নেতাদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী ও গতিশীল কমিটি উপহার দিতে প্রাথমিক সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছেন নতুন নেতৃত্ব।
এর আগে রোববার (১ নভেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
নতুন কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম খান মিল্টনকে আহবায়ক করা হয়েছে। আর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। দায়িত্ব পাওয়ার পর থেকেই তারা পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের কাজ শুরু করেছেন বলে একাত্তরকে জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়, নতুন নেতৃত্বের সামনে এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ—দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটানো, মহানগর বিএনপিকে আন্দোলন-সংগ্রামে চাঙ্গা রাখা এবং মাঠপর্যায়ের যোগ্য ও আন্দোলন সংগ্রামে পরীক্ষিত কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা। আহবায়ক ও সদস্যসচিব উভয়ই আশ্বাস দিয়েছেন, কোনো বিতর্কিত বা নিষ্ক্রিয় ব্যক্তি যেন কমিটিতে স্থান না পান, সেদিকে বিশেষ নজর রাখা হবে।
প্রায় এক মাস আগে গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির আগের ৫১ সদস্যের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিলো। নতুন নেতৃত্ব আসার পর মহানগর উত্তর বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের নজর এখন আগামী দুই সপ্তাহের মধ্যে আসতে যাওয়া পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির দিকে।