জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের দুদিনের কর্মসূচি

ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দুদিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই কর্মসূচি চূড়ান্ত করে এবং তা সফল ও সার্থক করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ঘোষিত সূচি অনুযায়ী, কর্মসূচির প্রথম দিন ৭ নভেম্বর (শনিবার) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও কলেজে দিবসটি উপলক্ষে বিশেষ পোস্টার সাঁটানো হবে। ওই দিন সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের আয়োজন করা হয়েছে।

একই দিন দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে ছাত্রদলের ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত সব ইউনিট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

কর্মসূচির দ্বিতীয় দিন ৮ নভেম্বর (রোববার) ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে একটি কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই দিনে সংগঠনটির সাংগঠনিক কাঠামো অনুযায়ী দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর ও জেলা ইউনিটেও পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।