৭১, ৭৫ বানানো ও ২৪ গড়া দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না: তারেক রহমান

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঘোষণা করেছেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়—অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নয়া পল্টনে বিএনপি আয়োজিত বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মুক্তিকামী জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। দেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্রের হারানো অধিকার ফিরিয়ে আনার লড়াই সফল হয়েছে। এখন সবাইকে একসঙ্গে মিলে দেশ পরিচালনার কাজে এগিয়ে আসতে হবে।

জনগণের শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারপ্রধান বলেন, এ দেশের মানুষ ১৯৭১ বানাতে পারে, ১৯৭৫ বানাতে পারে, আবার ২০২৪-ও গড়তে পারে। এ দেশের মানুষকে কখনো দাবিয়ে রাখা যাবে না।

যারা বাংলাদেশের স্বাধীনতায় এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের প্রতি ঐক্যের ডাক দিয়ে তারেক রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপস করা হবে না। আজকের এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্রের জবাব দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে এক হয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে ঐতিহাসিক এই দিনটির তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।

বক্তব্য শেষে একটি বিশাল র‌্যালি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়া পল্টন থেকে বের হয়।