শত শত মানুষ হত্যার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং জনগণ তাকে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেবে—এমন ধারণা শুধুই একটি ‘দিবাস্বপ্ন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের প্রেক্ষাপটে তিনি বলেন, শেখ হাসিনা এখন ‘আওয়াজে হিন্দুস্থান’।
রোববার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঐতিহাসিক সাত নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় এ দেশের মানুষ ভীত নয় উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ভারতের প্রভাবেই তিনি দেশে ফেরার বিষয়ে এমন বক্তব্য দিচ্ছেন। তবে দেশের ছাত্র-জনতা তাকে আর কখনো মেনে নেবে না।
ঐতিহাসিক সাত নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ভারতপন্থী সেনা কর্মকর্তা খালেদ মোশাররফের মূল লক্ষ্য ছিল দেশে আরেকটি বাকশাল প্রতিষ্ঠা করা। তবে সে সময় সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করেছিলো। আগামী দিনেও দেশের জনগণ যেকোনো ধরনের আধিপত্যবাদী তৎপরতা ও ষড়যন্ত্র কঠোরভাবে রুখে দেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।