শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দী হিসেবেই আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, অপরাধ করে দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তির আইনজীবী নিয়োগ বা আবেদনের আইনি অধিকার থাকলেও এর নৈতিক ও আইনি ভিত্তি অত্যন্ত দুর্বল। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় সাজা পাওয়া এবং পলাতক কোনো ব্যক্তি নতুন করে পাসপোর্ট নিয়ে ঘোরার বা দেশে ফেরার সুযোগ নেই; হস্তান্তরের প্রক্রিয়ার মাধ্যমেই কেবল তাকে দেশে এনে বিচারে সম্মুখীন করা সম্ভব।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব কথা বলেন।

লন্ডনভিত্তিক আইনজীবী ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে প্রতিমন্ত্রী ইউকে-ভিত্তিক ল ফার্মটির নৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এতো পঁচা ক্লায়েন্টকে ডিফেন্স করে কিছু পয়সা বানানোর চিন্তা বাদ দেন। দুর্গন্ধযুক্ত ও বাংলাদেশের জনগণের কাছ থেকে লুট করা টাকার পেছনে না ছুটে কিছু নৈতিক ও মানবিক সীমানা বজায় রাখা উচিত। বাংলাদেশ কখনোই সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না।

যুক্তরাজ্যের ‘সিটিজেনশিপ ডিপ্রাইভেশন অর্ডারস অ্যাক্ট, ২০২৫’ (নাগরিকত্ব বঞ্চনা আদেশ)-এর উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে যুক্তরাজ্যও তাদের আইনে এ ধরনের কঠোর বিধান রেখেছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আদালতে প্রমাণিত হাজার হাজার মানুষ হত্যা, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া এক পলাতক আসামির হয়ে কথা বলার আগে আইনজীবীদের ইতিহাস জানা দরকার।

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ সম্পর্কিত প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ভারতে বসে জাতীয় নিরাপত্তার হুমকি সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উসকে দেওয়া এই পলাতক আসামির স্বাভাবিকভাবে বাংলাদেশে বেড়াতে আসার সুযোগ নেই। তিনি যদি সত্যি আসতে চান, তবে সেটি হবে বন্দী বিনিময় চুক্তির অধীনে।

তিনি জানান, ভারত সরকারের কাছে তাকে হস্তান্তরের আনুষ্ঠানিক দাবি জানানো রয়েছে। হস্তান্তরের পর বিমানবন্দর থেকেই কড়া নজরদারিতে তাকে সরাসরি কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হবে এবং আইনের বিধান অনুযায়ী সাজা কার্যকর করা হবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো ল ফার্ম চিঠি বা নোটিশ দিতেই পারে, তবে এর আইনি ভিত্তি অত্যন্ত ভঙ্গুর। আন্তর্জাতিক অঙ্গনে ও সাধারণ মানুষের কাছে এদের প্রকৃত অবস্থান উন্মোচিত হয়েছে। দেশ থেকে পালিয়ে যাওয়া দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের কর্মকাণ্ড বাংলাদেশের মানুষের পাশাপাশি বিশ্ব দরবারেও ঘৃণিত বলে মন্তব্য করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাইশিং-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছিলেন, ‘পলাতক ও ফাঁসির দণ্ড পাওয়া আসামি হিসেবে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না।’