জাতীয় নারীশক্তিতে যোগ দিলেন পাইলট ফারিয়াল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ঢাকা মহানগর দক্ষিণে নতুন নেতৃত্বের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ। নবগঠিত কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

ফারিয়াল হামিদ পেশায় শুধু একজন পেশাদার বাণিজ্যিক পাইলটই নন, একই সঙ্গে বিমান চলাচল নিরাপত্তা এবং বিমান দুর্ঘটনা সংক্রান্ত নানা উচ্চতর গবেষণামূলক কর্মকাণ্ডের সঙ্গেও গভীরভাবে যুক্ত রয়েছেন। তাঁর এই অন্তর্ভুক্তি রাজনীতিতে পেশাজীবী নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করল।

রোববার রাতে জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমার সুপারিশক্রমে আংশিক এই কমিটির অনুমোদন দেয়া হয়। জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু এমপি এবং সদস্য সচিব নুসরাত তাবাসসুম জ্যোতি এমপি যৌথভাবে স্বাক্ষর করে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের এই আংশিক কমিটি দুটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ঘোষিত আংশিক কমিটি অনুযায়ী, জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণের ৩ সদস্যের কমিটিতে:

  • আহ্বায়ক: সিফাত সুলতানা মিম
  • সদস্যসচিব: ইথার ফারিয়াল হামিদ
  • মুখ্য সংগঠক: ফাতেমা রহমান মেঘা

একই দিন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরেরও ৩ সদস্যের পৃথক আংশিক কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে:

  • আহ্বায়ক: খন্দকার খালেদা আক্তার
  • সদস্যসচিব: রেহানা আক্তার রুমা
  • মুখ্য সংগঠক: সালমা আক্তার

সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবনিযুক্ত এই শীর্ষ নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে স্ব-স্ব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে মহানগর অঞ্চলে জাতীয় নারীশক্তির সাংগঠনিক ভিত আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় নেতৃবৃন্দ।