সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লেগেছে নাকি কেউ লাগিয়ে দিয়েছে, সে বিষয়ে তদন্ত করতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা হামলার কোনো প্রমাণ বিজিবি পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে; তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় থানা-পুলিশ কোনো ধরনের ফরেনসিক পরীক্ষা ছাড়াই বলে দিচ্ছে সেখানে পেট্রোল বোমা হামলা হয়নি। যেখানে সবাই ঘটনাটি দেখেছে, সেখানে পুলিশ কীভাবে এমন মন্তব্য করে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার পরও কি বলা যাবে না যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে? তিনি আরও বলেন, এখন এনসিপি আওয়ামী লীগের দ্বারা হামলার শিকার হচ্ছে, সামনে বিএনপিও হবে। এ বিষয়ে বর্তমান সরকারের কাছ থেকে কোনো জবাব আশা করেন না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে ট্রেজারি বেঞ্চকে (সরকারি দল) নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।