কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শেখ হাসিনার ফাঁসি কার্যকর ও গঙ্গার পানি চুক্তিসহ কয়েকটি দাবিতে চলতি মাস থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত টানা রাজনৈতিক কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অনির্ধারিত জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
আখতার হোসেন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে এবং দলটি ধারাবাহিকভাবে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। ভারতে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ উসকানি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তা রুখে দেওয়ার আহবান জানান এনসিপির এই নেতা। আখতার হোসেন বলেন, আওয়ামী লীগকে ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এনসিপি এবং এ বিষয়ে তারা যেকোনো দলের সঙ্গে এক হয়ে আন্দোলন করতে প্রস্তুত।