প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর একটায় সচিবালয়ে এই সংলাপ শুরু হয়।
সংলাপে এনসিপির পক্ষ থেকে অংশ নিয়েছেন দলটির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
এছাড়া বৈঠকে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতাকে ঘিরে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় সভা হচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহবান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ওই দিন বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন।