প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া এনসিপির পক্ষ থেকে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি বাতিল, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির সুপারিশ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে এক সংবাদ ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জানান, সংলাপে এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবি তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমরা সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি বাতিলের সুপারিশ করেছি এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছি। এছাড়া জুলাইয়ের ভুক্তভোগীরা যেন ন্যায়বিচার পান, সে জন্য ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি শেখ হাসিনার ফাঁসির রায় বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করার আহবান জানিয়েছি।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহবায়ক বলেন, গত কয়েক দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে। আমরা আওয়ামী লীগকে পাঁচ আগস্ট পরাজিত করেছি। এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলার—সংলাপে আমরা সে আহবান জানিয়েছি।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, পানির হিস্যা ও পররাষ্ট্রনীতির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ যেন কোনো আপস না করে এবং পানির ন্যায্য হিস্যা যেন পায়, সে জন্য ভারতকে কঠোর বার্তা দিতে হবে। বাংলাদেশে যা কিছু হচ্ছে, তার পেছনে ভারতের ইন্ধন রয়েছে। বাংলাদেশ নিয়ে চলমান অপপ্রচার মোকাবিলা করতে হবে। এ জন্য আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে এবং ভারতের বিষয়ে পররাষ্ট্রনীতি নিয়ে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ দরকার।
সরকারের প্রতি নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করে নাহিদ ইসলাম বলেন, এই লড়াই কোনো দলীয় লড়াই নয়; দেশের স্বার্থে আমরা সরকারের সঙ্গে আছি।