ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেশটির সরকারি কর্মকর্তাদের বৈঠক এবং শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টিকে ‘অশুভ নীলনকশার ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও এর সহযোগীদের আগুন-সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের’ প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে রুহুল কবির রিজভী প্রশ্ন তুলে বলেন, দিল্লির সিগন্যাল ছাড়া পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করলেন কীভাবে? এটি ভয়ঙ্কর নীলনকশার অশুভ ইঙ্গিত দিচ্ছে।
শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়ার প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শেখ হাসিনা এমনিতেই রাষ্ট্রীয় বিমান চাননি, কেউ পেছন থেকে শক্তি জোগাচ্ছে—তা না হলে তিনি এই সাহস পেতেন না। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা না করে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরতেন এবং আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতেন।
রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতারা দেশের ব্যাংক ও অর্থ লুটপাট করে বিদেশে সুখে জীবনযাপন করছেন এবং সেখান থেকে টাকা পাঠিয়ে দেশে অরাজকতা ও নাশকতার অর্থ জোগান দিচ্ছেন। তিনি বলেন, পিন্ডির কাছ থেকে মুক্ত হয়ে দিল্লির দাসত্ব করার জন্য বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি। একটি অশুভ শক্তির মদদে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে দেশের জনগণ তা রুখে দেবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে।
সমাবেশে আওয়ামী লীগের সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়ে জ্যেষ্ঠ নেতারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি পুরানা পল্টন ও নাইটিঙ্গেল মোড় ঘুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।