ভারতে পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকা ৭৯ বছর বয়সী শেখ হাসিনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে কেন্দ্র করে এই তারিখটি বেছে নিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে তার একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, তিনি কেবল প্রত্যর্পণ বা এক্সট্রাডিশনের মাধ্যমেই দেশে ফিরতে পারেন।
নির্বাসনে যাওয়ার পর এই প্রথম শেখ হাসিনা তার দেশে ফেরার একটি সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করলেন। বাংলাদেশে তার দল কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং চলতি মাসের শুরুর দিকে তিনি নতুন পাসপোর্ট ও অন্য নথিপত্রের জন্য আবেদন করার পর দেশটিতে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই ঘোষণা এলো।
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে দিল্লি পালিয়ে যাওয়ার কয়েক মাস পর শেখ হাসিনার পাসপোর্ট ও অন্য নথিপত্র বাতিল করা হয়েছিলো। এখন সেই নথিপত্র ফিরে পাওয়ার আবেদনের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর মাধ্যমে তার ফেরার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, যেহেতু ২০২৪ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনাকে একটি বাংলাদেশি বিমানে করেই ভারতে নিয়ে যাওয়া হয়েছিলো, তাই তিনি এখন সরকারের কাছে দাবি জানাচ্ছেন যেন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তার বিমান ভ্রমণের ব্যবস্থা করা হয়। তিনি আরও বলেন, সংবিধানের পরিপন্থি পরিস্থিতিতে তাকে নির্বাসনে পাঠানোর পর, এখন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব।
তবে বাংলাদেশ সরকার পুনরায় জানিয়েছে, শেখ হাসিনাকে কেবল ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব। গণঅভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছর বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছিলো। যদিও শেখ হাসিনা নির্বাসন থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
রয়টার্সকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী; একজন পলাতক সন্ত্রাসী। তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে পারেন—হাতে হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নজরদারির অধীনে।
বিমান পাঠানোর অনুরোধের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ ধরনের কোনো অবাস্তব বা বিভ্রান্তিকর অনুরোধ আমলে নেবে না।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। তবে গত এপ্রিল মাসে মন্ত্রণালয়টি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধটি তারা খতিয়ে দেখছে এবং তারা ‘নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে’ আগ্রহী।
অন্যদিকে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, একজন দণ্ডিত পলাতক ব্যক্তির পক্ষে সরকারের কাছে নিজের ফিরে আসার জন্য বিমানের ব্যবস্থা করার প্রত্যাশা করাটা অযৌক্তিক, নজিরবিহীন ও হাস্যকর। এমনকি এটি উন্মাদনা ছাড়া কিছুই নয়।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের বিভিন্ন তৎপরতা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির সদস্যদের সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় আরও স্পষ্ট হচ্ছে। অন্য দেশের ভূখণ্ডে এ ধরনের তৎপরতা বন্ধে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত থাকলেও এ বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়া সম্ভব বলে জানান তিনি।
এর আগে রোববার বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে জানান, দেশে ফিরে এলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে এবং তাকে ফিরিয়ে আনার জন্য বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
জাতিসংঘের তথ্যের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যে অস্থিরতার মুখে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়েছিলো, সেই সময়ে প্রায় এক হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।
