চ্যাম্পিয়নস লিগে মহারথীদের লড়াই

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতেও আছে বেশ ক'টা বিগ ম্যাচ। বায়ার্ন মিউনিখ মোকাবেলা করবে ডায়নামো কিয়েভের। বেনফিকার মাঠে গিয়ে খেলবে বার্সেলোনা। ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাটেড ঘরের মাঠে খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। তবে দিনের সবচেয়ে বড় ম্যাচে য়্যুভেন্তাসের বিপক্ষে লড়বে চেলসি। সবগুলো খেলাই শুরু হবে রাত একটায়। 

চাঁদের দিকে বামুন হাত বাড়ালে সেটা বাড়াবাড়ি হতেই পারে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্ন য়্যুভেন্তাসের মতো একটা দল তো দেখতেই পারে। সেই ছিয়ানব্বইয়ের পর ইউরোপ সেরার লড়াইটা আর জিততে পারেনি তুরিনের ওল্ড লেডিরা। তাই তো রোনালদোকে দলে টেনে বড় স্বপ্ন দেখেছিল ওরা। 

গেল মৌসুমেও সেই স্বপ্ন হলো ভেঙে খান খান, সিআর সেভেনকে বিদায় বলে নতুন করে শুরু করেছে মেসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। কিন্তু নয়া সিজনের শুরু থেকেই হোঁচটের পর হোঁচট খেয়ে চলেছে ইতালিয়ান জায়ান্টরা। সিরি-আয় ছয় ম্যাচ খেলে মাত্র দুটোয় জিতে দশ নম্বরে য়্যুভরা।


চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য মালমোর বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে শুরু করেছে অ্যালেগ্রির ছেলেরা। তবে এবারে চেলসি নেবে ওদের কঠিন পরীক্ষা। এর আগে দুদলের চারবার দেখা হয়েছে, দুটি ম্যাচ ড্র, আর প্রত্যেকের আছে একটা করে জয়। তবে ব্লুদের রিসেন্ট পারফরমেন্সে নজর দিলে দুশ্চিন্তা না করে উপায় কই য়্যুভেন্তাসের? চেলসি এখন ইপিএলের তিন নম্বর দল, টক্কর দিচ্ছে ম্যানসিটি আর লিভারপুলের সাথে। 

আরও পড়ুন: হাসপাতালে ইনজামাম


য়্যুভেন্তাস রোনালদোকে হারিয়ে ধুকছে, আর তাকে পেয়েও ভাগ্য বদলাতে হিমশিম খাচ্ছে ম্যানচেস্টার ইউনাটেড। ইউসিএলের চলতি সিজনে ওরা রোনালদোর একটা গোলের পরও পুচকে ইয়ং বয়েজের কাছে হেরেছে ২-১ গোলে। এফ গ্রুপের ম্যাচে এবারে ওদের লড়াই স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিপক্ষে। হেডকোচ ওলে গানার শুলশায়ারের কপালে দুশ্চিন্তার ভাঁজ, ইনজুরিতে ছিটকে গেছেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। ইনজুরির কারণেই নেই দানিলো আর রাসফোর্ড। সাসপেনশনে কাটা পড়েছেন ওয়ান বিসাকা। 


এদিকে, নিজেদের ভেঙে গড়ার মিশনে থাকা বার্সেলোনার এবারের চ্যাম্পিয়ন্স লিগ মিশন বেনফিকার বিপক্ষে। বায়ার্ন মিউনিখের সাথে ৩-০ গোলের হার দিয়ে এবারের ইউসিল মৌসুম শুরু করেছিল রোলান্ড কোম্যানের দল। তবে গেল সপ্তাহে কিছুটা ছন্দ ফিরে পেয়েছে তারা। দশ নম্বর জার্সি নিয়ে দলে ফিরেছেন আনসু ফাতি, তার ওপর স্পটলাইট থাকবে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও। তার চেয়ে বড় স্বস্তির খবর, অফিসিয়াল ম্যাচে বেনফিকার কাছে কখনো হারেনি বার্সা। 


একাত্তর/এসজে